
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার ১নং লক্ষীছড়ি ইউনিয়নের অন্তর্গত গবমারা এলাকায় ঠ্যাঙাড়ে দুর্বৃত্তদের সাথে নিয়ে সেনাবাহিনী অভিযানের নামে শিক্ষকসহ ৩ জনকে আটক করে লক্ষীছড়ি সেনাজোনে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্লবার (২২ সেপ্টেম্বর ২০২৬) ভোররাত আনুমানিক ৩টার সময় লক্ষীছড়ি সেনাজোন থেকে ৫টি গাড়িতে করে একদল সেনা সদস্য ঠ্যাঙাড়ে(মুখোশ) দুর্বৃত্ত দুর্জয় ও উৎপল চাকমাকে সাথে নিয়ে ‘পাকা রাস্তামাথা’ নামক স্থানে যায়। পরে সেখান থেকে তারা পায়ে হেঁটে গবমারা বৌদ্ধ বিহারের পাশে গিয়ে একটি স্থানে অবস্থান নেয়।
এরপর সকাল আনুমানিক ৬টার দিকে তারা সেখানকার স্থানীয় বাসিন্দা নতুন কুমার চাকমা (৬৫) ও তার ছেলে দিগম্ভর চাকমা(৩৫)-এর মোবাইল ফোন কেড়ে নিয়ে তাদের দু’জনকে অন্তত দুই ঘন্টা আটকে রাখে।
দুপুর ১২টার দিকে এ রিপোর্ট লেখার সময় সেনারা নতুন কুমার চাকমা, তার ছেলে দিগন্তর চাকমা ও তনুরামপাড়া হাইস্কুলের সহকারী শিক্ষক পাইন চাকমা(৩২), পিতা: সুমন্ত চাকমা(৫৫)-কে আটক করে লক্ষীছড়ি সেনাজোনে নিয়ে যাওয়ার খবর দিয়েছেন এলাকাবাসী।
এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।