
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৬নং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রেংখুং এলাকায় ইউপিডিএফ সদস্যদের লক্ষ্য করে সেনাবাহিনী গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় কিরণ ত্রিপুরা (৪৮) নামে একজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপিডিএফের দুই সদস্য সাংগঠনিক কাজে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সেনাবাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে একজন প্রাণে বেঁচে গেলেও আরেকজন কিরণ ত্রিপুরা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিখোঁজ কিরন ত্রিপুরা (৪৮) গুইমারা উপজেলার ১নং রাবার বাগান এলাকার নিশি কুমার ত্রিপুরার ছেলে।
জানা গেছে, মাটিরাঙ্গা সেনা জোন থেকে ৩০ থেকে ৩৫ জন সেনাসদস্য রেংখুং এলাকায় অবস্থান নিয়ে উক্ত হামলার ঘটনা সংঘটিত করেছে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।