পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় কণ্ঠশিল্পী পার্কি চাকমা আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য প্রকাশ করেন এবং চিকিৎসার নামে অর্থ সংগ্রহের বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩০ মে থেকে পুনরায় জ্বর, ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে গত ৪ জুন রাত সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে টাইফয়েডসহ আরও কয়েকটি জটিলতা ধরা পড়ে।
হাসপাতালে টানা ৮ থেকে ৯ দিন চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। জ্বর নিয়ন্ত্রণে আসার পাশাপাশি চিকিৎসার কোর্স শেষের দিকে পৌঁছালে তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ অনুভব করেন। পরে গত ১৪ জুন হাসপাতাল থেকে বাসায় ফেরেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে বিশ্রাম ও চিকিৎসা নিচ্ছেন।
সুস্থতা কামনায় প্রার্থনা ও শুভকামনা জানানো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পার্কি চাকমা বলেন, অসুস্থতার সময়ে অনেক শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তার খোঁজখবর নিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন।
তবে চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের বিষয়ে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি জানান, তার চিকিৎসার জন্য তিনি বা তার পরিবারের কোনো সদস্য জনসাধারণের কাছে আর্থিক সহায়তার আবেদন করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসুস্থতার কথা উল্লেখ করে যেসব সহায়তার আবেদন প্রচার করা হচ্ছে, সেগুলো তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি।
তিনি সকলকে এ ধরনের প্রচারণা দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, যারা ব্যক্তিগতভাবে সহমর্মিতা ও সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তবে আর্থিক সহায়তার পরিবর্তে তিনি সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
পার্কি চাকমা জানান, বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ। তবে পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে আরও কিছুদিন বিশ্রাম ও নিয়মিত চিকিৎসার প্রয়োজন হবে।


