বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভেওলা ম্রো পাড়ার সংপ্রং ম্রো (১৮) ডায়রিয়া ও হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১৫ মে) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৪৪ মিনিটে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, ডায়রিয়া ও হামজনিত জটিলতায় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা, টিকাদান কার্যক্রম ও স্বাস্থ্যসচেতনতার অভাব রয়েছে। বিশেষ করে প্রত্যন্ত ম্রো অধ্যুষিত এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছানো এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে বান্দরবানের বিভিন্ন এলাকায় হাম রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত কার্যকর স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং দুর্গম এলাকায় টিকাদান কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।