খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া এলাকা থেকে রিপন চাকমা (১৬) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা যায়, রিপন চাকমা রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদ্ধধন কার্বারী পাড়ার বাসিন্দা। তার পিতা নিশি কুমার চাকমা এবং মাতা জরণমহি চাকমা। দীর্ঘ প্রায় চার বছর ধরে তিনি মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের খেদাছড়া এলাকায় বিমল চাকমার বাড়িতে অবস্থান করছিলেন।

স্বজনদের দাবি, গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে রিপন একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, কিছু পারিবারিক সমস্যার কারণে রিপন বাড়ি থেকে বের হয়ে যেতে পারেন বলে তারা ধারণা করছেন। তবে তিনি কোথায় গেছেন বা কার সঙ্গে আছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার কাছে মোবাইল ফোনেও কেই বলে জানা গেছে।

নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের মাধ্যমে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। ফলে পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

এদিকে রিপন চাকমার পরিবার সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে। কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
পিপল চাকমা (বড় ভাই)
মোবাইল: ০১৫৮৫৮৩৬৩৮৮

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রিপনের সন্ধান সংক্রান্ত যেকোনো তথ্য তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক বিবেচনায় তার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।