রাঙামাটির সাজেকে হাসপাতালে যাওয়ার পথে বিজিবির গাড়ির ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা অন্তঃসন্ত্বা স্কুল শিক্ষিকা সুমন্তি চাকমার মৃত্যুর ঘটনায় বিজিবিকে আড়াল করে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে রাঙামাটির কুদুকছড়িতে পোড়ানো হয়েছে প্রথম আলো পত্রিকা।
আজ সোমবার (২০ জুলাই ২০২৬) বিকাল ৪টার সময় ইউপিডএফ ও পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিতে ইউপিডিএফ সদস্য মং বলেন, গত ১৮ জুলাই হাসপাতালে যাওয়ার পথে সাজেকে বিজিবি’র গাড়ির ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা গর্ভবতী স্কুল শিক্ষিকা সুমন্তি চাকমা নিহত হয়েছেন। কিন্তু এ ঘটনাটিকে প্রথম আলোসহ দেশের মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজিবির নাম আড়াল করে “ট্রাকের ধাক্কায়” নিহত হওয়ার কথা প্রচার করা হয়েছে।
তিনি বলেন, এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার বিচ্ছিন্ন কোন ঘটনা নয়, এটা জাতিগত নিপীড়নের অংশ। প্রকৃত অপরাধী বিজিবি সদস্যদের আড়াল করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে।
তিনি বলেন, আমরা প্রায়ই মিডিয়ায় সেনাবাহিনীর সাজানো নাটক গুরুত্বসহকারে প্রচার করতে দেখি। কিন্তু সত্য ঘটনা মিডিয়ায় তুলে ধরা হয় না। জাতীয় মিডিয়ায় বরাবরই ক্ষমতাশালীদের অপরাধ আড়াল করা হয়।
তিনি হলুদ সাংবাদিকতা না করে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাহাড়িদের ন্যায্যতার পক্ষে অবস্থান করার জন্য প্রথম আলো-সহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আহ্বান জানান।