ভারতের প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান সারনাথকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৮তম অধিবেশনে এ স্বীকৃতি দেওয়া হয়। শনিবার (২৫ জুলাই) ইউনেস্কোতে ভারতের স্থায়ী প্রতিনিধিদল এ তথ্য জানিয়েছে।
ইউনেস্কোতে ভারতের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি বিশাল ভি. শর্মা বলেন, সারনাথ বিশ্বজুড়ে ৫০ কোটিরও বেশি বৌদ্ধ ধর্মাবলম্বীর কাছে আত্মবিশ্লেষণ ও অনুপ্রেরণার স্থান। এটি তরুণদের সত্যের সন্ধান, অহিংসার চর্চা, সচেতন জীবনযাপন এবং দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হতে উৎসাহিত করে।
তিনি এ স্বীকৃতির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারকে ধন্যবাদ জানান।
সারনাথ বিশ্ব ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, বুদ্ধ জ্ঞান লাভের পর এখানেই প্রথম ধর্মদেশনা (ধর্মচক্র প্রবর্তন) দেন এবং বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠা করেন।
এ ছাড়া সারনাথে আবিষ্কৃত সম্রাট অশোকের সিংহস্তম্ভ ভারতের জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হওয়ায় স্থানটির ঐতিহাসিক গুরুত্ব আরও বেড়েছে বলে জানিয়েছে ভারতের স্থায়ী প্রতিনিধিদল।
প্রতিনিধিদলের মতে, সারনাথের এ স্বীকৃতি ভারতের সমৃদ্ধ সভ্যতাগত ঐতিহ্য এবং বুদ্ধের শান্তি, করুণা ও সম্প্রীতির চিরন্তন বার্তার আন্তর্জাতিক স্বীকৃতি।
সারনাথ যুক্ত হওয়ায় বর্তমানে ভারতের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থাপনার সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টি। এর মধ্যে ৩৭টি সাংস্কৃতিক, সাতটি প্রাকৃতিক এবং একটি মিশ্র ঐতিহ্যবাহী স্থান।
এ অর্জনের জন্য ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই), উত্তর প্রদেশ সরকার এবং মনোনয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছে ভারতের স্থায়ী প্রতিনিধিদল। পাশাপাশি মনোনয়ন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার, আইকোমস (ICOMOS) এবং বিশ্ব ঐতিহ্য কমিটির সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।