প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার এক গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পালিত হয়েছে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। আজ মঙ্গলবার সকাল থেকে সাজেক এবং এর আশেপাশের বিভিন্ন এলাকায় এই উপলক্ষে সচেতনতামূলক প্রচারণা, পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করা হয়। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল স্থানীয় বাসিন্দা ও সাজেকগামী পর্যটকদের মাঝে পরিবেশ ও প্রকৃতি রক্ষার তাগিদ ছড়িয়ে দেওয়া।
আজ সকাল ১০টার দিকে সাজেকের গঙ্গারাম উজোবাজারে এই কর্মসূচির সূচনা হয়। উদ্যাপন কমিটির সদস্যরা এ সময় বাজারের বিভিন্ন দোকানপাট ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরিবেশ রক্ষায় পর্যটকদের সম্পৃক্ত করতে এ সময় এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। সাজেকমুখী পর্যটকবাহী গাড়িগুলো কিছু সময়ের জন্য থামিয়ে চালক ও পর্যটকদের হাতে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা সংবলিত লিফলেট তুলে দেন আয়োজকরা। পাহাড়ের পরিবেশ যেন প্লাস্টিক বা আবর্জনায় দূষিত না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন করা হয়।
শুধু সাজেক নয়, বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় দিনব্যাপী ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে বাঘাইহাট বাজার, গঙ্গারাম লাদুমনি দোকান এলাকা, গঙ্গারাম উজোবাজার, বঙ্গলতলী এবং মাচালং বাজারসহ বিভিন্ন জনসমাগম এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। পাহাড়ের রূপ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয় এই প্রচারণায়। আয়োজকদের এই সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগ স্থানীয় সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছে।