বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে’ রাঙামাটির নান্যাচরে ‘বন-প্রাণী, পাহাড় ও প্রকৃতি রক্ষা ও নিজ আবাসস্থল নিরাপদ, বাসযোগ্য করার আহ্বানে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করেছে এলাকার সাধারণ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টার সময় এলাকায় স্কুল-কলেজে পড়ুয়া সাধারণ শিক্ষার্থীরা নান্যাচর বাজার এলাকা, নান্যাচর উপজেলা সংলগ্ন এলাকা, নান্যাচর থানা পাড়া ও টিএন্ডটি এলাকায় প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করেন।

শিক্ষার্থীরা  মাইকিংয়ের মাধ্যমে আহ্বান জানিয়ে বলেন, “জীববৈচিত্র্য  ও প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে সচেতন হোন। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, প্রকৃতি দেয় সুস্বাস্থ্য ও সতেজ শ্বাস-প্রশ্বাস। আপনার সন্তানের ভবিষ্যৎ নিরাপদ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পাড়ায়-এলাকায়, রাস্তাঘাটে বর্জ্য-আবর্জনা ফেলা বন্ধ করুন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রকৃতি ও পরিবেশ রক্ষা করুন।”

তারা আরো অনুরোধ জানান, “যত্রতত্র প্লাষ্টিক পলিথিন ফেলবেন না, পরিবেশ দূষণ রোধে এগিয়ে আসুন, ঝিরি ঝরণায় বিষ দিয়ে মাছ মারা বন্ধ করুন, বনজ সম্পদ রক্ষার্থে এগিয়ে আসুন, মুনাফা লোভী কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করুন, উন্নয়নের নামে পাহাড় ধ্বংস বন্ধে প্রতিরোধ ও জনসচেতনতা গড়ে তুলুন, প্রাকৃতিক বিপর্যয় রোধে গাছ লাগান, পর্যটন স্থাপনের নামে বনজ সম্পদ ধ্বংস করা বন্ধে একতাবদ্ধ হোন, প্রকৃতি ও পরিবেশ রক্ষার্থে সর্বাত্মক ভূমিকা রাখুন, রাবার, সেগুনসহ ক্ষতিকর গাছ রোপন করবেন না, বন্য প্রাণী শিকার বন্ধ করুন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বন-জঙ্গল, গাছ কাটা বন্ধ করুন, ঝিরি-ছড়া থেকে পাথর উত্তোলন বন্ধ করুন, প্রকৃতি রক্ষা হলে পাহাড় রক্ষা হবে, পাহাড় রক্ষা হলে আমরা থাকব নিরাপদ।”