রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার বরকল সদর ইউনিয়ন এলাকায় একদল সেটেলার বাঙালি কর্তৃক এক জুম্ম গ্রামবাসীর রেকর্ডভুক্ত ভূমি বেদখলের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে গতকাল (২৭ জুলাই) রাত আনুমানিক ৯:৩০ টায় বরকল সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিলছড়া গ্রামে।

ভুক্তভোগী ভূমির মালিকের নাম ত্রিদীপ চাকমা। তিনি বাংলাদেশ পুলিশের একজন সাবেক সদস্য বলে জানা গেছে। উক্ত জমি ১৯৭৬ সালে ত্রিদীপ চাকমার নামে বন্দোবস্ত রয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল রাত আনুমানিক ৯:৩০ টার দিকে সুবলং এলাকার বরুনাছড়ি সেটেলার এলাকা থেকে আগত সেটেলার বাঙালিদের একটি দল ত্রিদীপ চাকমার জমির ওপর থাকা একটি খামার ঘর ভেঙে দিয়ে সেখানে বাড়ি নির্মাণ করার চেষ্টা করে। এমনকি সেটেলার বাঙালিরা ভূয়া দলিল দেখিয়ে উক্ত জমি নিজেদের বলে দাবি করে।

আজ (২৮ জুলাই) বরকল থানা পুলিশ স্থানীয় বিজিবির সহযোগিতায় ভূমির মূল দলিল যাচাই করে বিরোধ নিষ্পত্তি করে দেয় এবং সেটেলার বাঙালিদের নির্মাণাধীন বাড়িটি নির্মাণ না করার নির্দেশ দেয়।