খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মধ্যনগর এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পানছড়ি থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে শিশুটি নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় একই এলাকার হরযত মিয়া (১৭) মোবাইল ফোনে কার্টুন দেখানোর কথা বলে শিশুটিকে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, কিছুক্ষণ পর শিশুটি বাড়িতে ফিরে গোসল করার সময় পেটে ব্যথার কথা জানায়। বিষয়টি জানতে চাইলে শিশুটির সঙ্গে থাকা অপর এক শিশু জানায়, অভিযুক্ত কিশোর শিশুটির সঙ্গে অশোভন আচরণ করেছে। তবে শিশুটির মা অসুস্থ থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি অন্য কাউকে জানাতে পারেননি।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটির বাবা বাড়িতে ফিরলে তাকে ঘটনাটি বিস্তারিত জানানো হয়। এরপর পরিবারের পক্ষ থেকে পানছড়ি থানায় মৌখিক অভিযোগ করা হলে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাটি আমলে নিয়ে অভিযান পরিচালনা করে।

পুলিশ রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে অভিযুক্ত হরযত মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি পানছড়ি থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।

পরিবারের দাবি, শিশুটি বর্তমানে শারীরিকভাবে সুস্থ ও স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে পানছড়ি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।