পার্বত্য চট্টগ্রামকে নিয়ে শাসকগোষ্ঠীর রাজনীতির সমালোচনা পিসিপি সভাপতির

পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যুগের পর যুগ শাসকগোষ্ঠী রাজনৈতিক খেলা খেলছে বলে অভিযোগ করেছেন পিসিপি সভাপতি অমল ত্রিপুরা। তিনি বলেন, সংঘাত ও হানাহানি জিইয়ে রেখে শাসকরা সবুজ পাহাড়কে রক্তাক্ত করে রেখেছে।

‎এক ফেসবুক পোস্টে অমল ত্রিপুরা বলেন, “আজ যারা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন, তারাই যদি ক্ষমতার গদিতে বসে, তাহলে আপনাকে–আমাকে নিয়েই আবার নতুন ষড়যন্ত্রে মেতে উঠবে। পার্বত্য চট্টগ্রামের বেলায় সব শাসকেরই একই বিষ।

‎তিনি পাহাড়ের জনগণকে শাসকগোষ্ঠীর ‘মিষ্টি কথায়’ বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তার ভাষায়, যারা দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষের সুখে–দুঃখে পাশে থেকেছেন এবং ভূমি, নারীর সম্ভ্রম, আত্মসম্মান ও মর্যাদা রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন—তারাই পাহাড়ের প্রকৃত বন্ধু ও সন্তান।

‎পিসিপি সভাপতি আরও বলেন, পাহাড়ের সেই প্রকৃত বন্ধুদের আগলে রাখার দায়িত্ব পাহাড়ের আপামর জনগণের। কোনো উসকানিতে জাতির ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন বিনষ্ট না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর কঠিন পরিস্থিতি মোকাবিলায় শাসক ও বিভেদপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে জাতিকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।