ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের সমতল ভূমিতে গড়ে ওঠা চা বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সমতল এলাকায় চা চাষের এমন দৃশ্য আগে কখনো দেখেননি বলে জানিয়ে তিনি এ অঞ্চলের চা শিল্পের সম্ভাবনার প্রশংসা করেন।

গতকাল সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তঘেঁষা নিটলডোবা গ্রামে অবস্থিত ‘সুলতান টি স্টেট’ পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, সমতল অঞ্চলে চা বাগান দেখার অভিজ্ঞতা তার আগে হয়নি। বাংলাদেশের সমতল ভূমিতে চা চাষের এমন উদ্যোগ দেখে তিনি অত্যন্ত আনন্দিত ও অভিভূত হয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও মানুষের অগ্রগতিতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আগ্রহী। বাংলাদেশের মানুষ অত্যন্ত কর্মঠ ও পরিশ্রমী। প্রয়োজনীয় সুযোগ ও সহযোগিতা পেলে তারা আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন।

চা বাগান পরিদর্শনের সময় রাষ্ট্রদূত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কর্মপরিবেশ ও জীবনযাত্রা সম্পর্কে খোঁজখবর নেন। পরে শ্রমিকদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজে নিজেই চা বাগানে নেমে চা পাতা সংগ্রহ করেন। এ সময় সেখানে উপস্থিত শ্রমিক ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

চা পাতা সংগ্রহ শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।

পরিদর্শনকালে সুলতান টি স্টেটের মালিক ফয়জুল ইসলাম হিরু, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে ঠাকুরগাঁও সফরে যাওয়ার পথে মার্কিন রাষ্ট্রদূত পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টও পরিদর্শন করেন।