খাগড়াছড়ির গুইমারায় সেনা-সেটলার হামলায় নিহত তিন শহীদের স্মরণে আগামী ২৭ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ ও ২৮ সেপ্টেম্বর প্রদীপ প্রজ্বলন এবং বিচারের দাবিতে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ-এর ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের আহ্বায়ক ও শহীদ জুনান চাকমার মা রূপসা চাকমা।
তিনি বলেন, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি গুইমারায় সেনা-সেটেলার কর্তৃক পাহাড়িদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও সেনাবাহিনীর গুলিতে আখ্র মারমা, থৈইচিং মারমা, অথৈইপ্রু মারমা মা-বোনের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে বীরত্বের সাথে শহীদ হয়েছেন। অনেকে আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন। এক বছর অতিক্রম হলেও এখনো পর্যন্ত ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত ও বিচার হয়নি।
পার্বত্যবাসীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের আপামর জুম্ম জনগণ ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান, শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করে আগামীকাল ২৭ সেপ্টেম্বর ২০২৬ পার্বত্য চট্টগ্রামসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ করুন এবং ২৮ সেপ্টেম্বর শহীদদের স্মরণে স্ব স্ব অবস্থান থেকে প্রদীপ প্রজ্বলন করুন, বিচারের দাবিতে প্রতিবাদে সামিল হোন।