ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়মুখী এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চে পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার
জুলাই ১৫, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

২১১

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের ‘লংমার্চ’ কর্মসূচি বাধা দিয়েছে পুলিশ।

আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর আব্দুল গণি রোডের মুখে শিক্ষাভবনের সামনে ব্যারিকেড দিয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়া পরীক্ষার্থীদের পদযাত্রা আটকে দেওয়া হয়। এ সময় পরীক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। ঘটনাস্থলে আন্দোলনকারীদের পরিচয় জানতে চাওয়াকে কেন্দ্র করে কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে কয়েকজন পরীক্ষার্থীর বাগ্‌বিতণ্ডা হয়।

এসময় পরীক্ষার্থীদের ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

‎পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরুর আগে বেলা আড়াইটায় তাঁরা সায়েন্স ল্যাবরেটরিতে সড়কে অবস্থান নেন। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সোয়া ৩টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে পরীক্ষার্থীরা পদযাত্রা শুরু করেন।

‎আন্দোলনরত বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের এক পরীক্ষার্থী বলেন, ‘আমাদের দাবি এখনো মানা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে অবস্থানরত শিক্ষার্থীরাও সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করেছেন। বিকেল পৌনে ৪টার দিকে তাঁদের পদযাত্রা আজমপুর অতিক্রম করছিল।

এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে শুরু হওয়া আন্দোলনে গতকাল মঙ্গলবার দিনভর নানা নাটকীয়তা, বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, এমনকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠলেও কোনো সমাধান আসেনি।

আন্দোলনকারীদের দাবির বিপরীতে দাঁড়িয়ে সরকার জানিয়ে দিয়েছে, বন্যাকবলিত চট্টগ্রাম বিভাগ বাদে অন্যান্য জেলায় পরীক্ষা অব্যাহত থাকবে। অন্যদিকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বুধবারের পরীক্ষা স্থগিত নাহলে তারা সচিবালয় অভিমুখে ‘লং মার্চ’ করার ঘোষণা দিয়েছিলেন। ফলে বুধবার চট্টগ্রাম ছাড়া নয়টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়।

এদিন চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা ছাড়া অন্যান্য জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ ও ২, ভোকেশনালের উচ্চতর গণিত ১ ও ২ এবং ডিপ্লোমা ইন কমার্সের উচ্চতর হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৈরী আবহাওয়া ও বন্যার কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম বিভাগ ও এ বোর্ডের জেলাগুলোতে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত আছে, যা বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত থাকবে।

রোববার দেশের বিভিন্ন এলাকায় ভারি বর্ষণ ও জলাবদ্ধতার কারণে সোমবারের এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা স্থগিতের দাবি ওঠে। তবে চট্টগ্রাম বোর্ডে ও এ বিভাগ ছাড়া সোমবার অন্যান্য এলাকায় পরীক্ষা চালিয়ে নেওয়ার ঘোষণা দেয় শিক্ষা বোর্ডগুলো। ভারি বর্ষণ চলে সোমবার বিকেল পর্যন্ত। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়ার অভিযোগ আসে। একই দিন পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা দুইটি ভুল প্রশ্নের মুখোমুখি হতে হয় পরীক্ষার্থীদের।

এর মধ্যেই সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ঘিরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ে। যেখানে শিক্ষামন্ত্রীকে একজনের সঙ্গে আলাপচারিতায় পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করতে শোনা যায়।

এমন বাস্তবতায় শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগ, পরীক্ষা স্থগিত করা এবং সোমবারের পরীক্ষায় বসতে না পারা পরীক্ষার্থীদের ফের সুযোগ দাবিতে মঙ্গলবার সকাল থেকে রাজধানী ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুড়িগ্রাম, টাঙ্গাইল, ঝালকাঠি, জয়পুরহাট, বরিশাল, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

একইদিন বিকেলে জাতীয় সংসদে পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পরীক্ষা দিতে সমস্যায় পড়া শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।