ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে চবি ছাত্রীর ওপর বর্বরোচিত হামলা ও শ্লীলতাহানির তীব্র নিন্দা ও প্রতিবাদ; অবিলম্বে অভিযুক্ত জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

অনলাইন ডেস্ক
জুলাই ২৫, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

১০২

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে চলাচলকারী ‘খাগড়াছড়ি পরিবহন’-এর একটি বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) এক পাহাড়ি নারী শিক্ষার্থীর ওপর বর্বরোচিত যৌন নিপীড়ন ও প্রকাশ্যে শারীরিক লাঞ্ছনার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

​শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় ১নং গেট থেকে বাসে ওঠার পর মো. জসিম (৩৫) নামক এক লম্পট ওই ছাত্রীর ওপর যে ন্যক্কারজনক যৌন নিপীড়ন চালিয়েছে, তা গোটা ছাত্রসমাজের জন্য চরম অবমাননাকর। নিপীড়নের প্রতিবাদ করায় বাসের স্টাফরা ওই ছাত্রীকে ন্যুনতম নিরাপত্তা না দিয়ে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। পরবর্তীতে ফটিকছড়িতে সিএনজি দিয়ে বাসের গতিরোধ করে ওই ছাত্রীকে প্রকাশ্যে চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে নামানোর যে স্পর্ধা ওই নরপিশাচ দেখিয়েছে, তা প্রমাণ করে দেশে বিচারহীনতার সংস্কৃতি কোন পর্যায়ে পৌঁছেছে।

​ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), চবি শাখার নেতৃবৃন্দ বলেন,
​”একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর ওপর দিনে-দুপুরে এমন পৈশাচিক হামলা প্রমাণ করে আমাদের রাষ্ট্রযন্ত্র ও পরিবহন খাত নারীদের জন্য কতটা অনিরাপদ। পাহাড়ি নারীদের ওপর ধারাবাহিক নিপীড়নের যে নগ্ন চিত্র আমরা প্রতিনিয়ত দেখছি, এটি তারই একটি বিভৎস রূপ। ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হলেও প্রশাসনকে মনে রাখতে হবে—শুধু কাগুজে মামলায় আমরা সন্তুষ্ট হবো না। অবিলম্বে এই অপরাধী জসিমকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বাসের ভেতর একজন নারী যাত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার দায়ে ‘খাগড়াছড়ি পরিবহন’ কর্তৃপক্ষকেও এর দায়ভার নিতে হবে। প্রশাসন যদি অপরাধীকে বাঁচাতে টালবাহানা করে, তবে ছাত্রসমাজ আর চুপ করে বসে থাকবে না।”

​পিসিপি, চবি শাখা দ্ব্যর্থহীন ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে জানাচ্ছে যে, অবিলম্বে চিহ্নিত অপরাধী জসিমকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং গণপরিবহনে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি কালক্ষেপণ বা অপরাধীকে মদদ দেওয়ার চেষ্টা করে, তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপামর ছাত্রসমাজকে সাথে নিয়ে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাজপথে আরো কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

​বার্তা প্রেরক,
​ক্যাচিংহ্লা মারমা
দপ্তর সম্পাদক
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।