ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ডাচদের রুখে দিল জাপান

অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

৬৫

দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না নেদারল্যান্ডস। হার না মানা মানসিকতায় দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে, মূল্যবান একটি পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল জাপান।

ডালাসে রোববার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ভার্জিল ফন ডাইকের গোলে পিছিয়ে পড়ার পর, সমতায় টানেন নাকামুরা। কিছুক্ষণ পর দারুণ নৈপুণ্যে নেদারল্যান্ডসকে আবার এগিয়ে নেন সামারভিল। দ্বিতীয়বার ম্যাচে সমতা ফেরান দাইচি কামাদা।

পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি হয়নি। পজেশন রাখার পাশাপাশি আক্রমণের বিচারেও বেশিরভাগ সময় পিছিয়ে ছিল এশিয়ার দলটি; তবে শেষ দিকে সমতায় ফিরতে খুব চেষ্টা করে তারা, তাতে সাফল্যও ধরা দেয়।

দুই দলই গোলের জন্য ১০টি করে শট নেয়; নেদারল্যান্ডস লক্ষ্যে রাখতে পারে ছয়টি, জাপান তিনটি।

শুরুতেই প্রতিপক্ষের রক্ষণে হানা দেয় ডাচরা। তৃতীয় মিনিটে তারা গোলও পেতে পারতো। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে শরীরটা ঘুরিয়ে বুলেট গতির শট নেন ডোনিয়েল মালেন, বল সোজাসুজি আসলেও কোনোমতে বাইরে পাঠান গোলরক্ষক।

এরপর দীর্ঘ সময় উল্লেখযোগ্য ঘটনা ছাড়াই কেটে যায়। কোনো দলই ভালো কোনো আক্রমণ করতে পারছিল না। ৩৪তম মিনিটে মালেন আরেকটি সুযোগ পান, কিন্তু গোলরক্ষক বরাবর হেড করেন তিনি।

৪৩তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় জাপান। তবে নাকামুরার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর, উয়েদার শটও পোস্টের সামান্য দূর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে অবশেষে ম্যাচের ডেডলক ভাঙে। রায়ান খ্রাফেনবের্খের ক্রস ডি-বক্সে পেয়ে নিখুঁত হেডে গোলটি করেন ফন ডাইক, বল পোস্টে লেগে জালে জড়ায়।

প্রথমার্ধে তিনটি লক্ষ্যভ্রষ্ট শট নেওয়া জাপান ৫৭তম মিনিটে প্রথমবার লক্ষ্যে শট নিয়েই গোল পেয়ে যায়। তাকেফুসা কুবোর কাটব্যাক ধরে একটু পিছু হটে ডি-বক্সের বাইরে বেরিয়ে শট নেন নাকামুরা, বল একজনের পা ছুঁয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

জাপানিজদের স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি। সাত মিনিট পরেই দারুণ নৈপুণ্যে দলকে আবার এগিয়ে নেন সামারভিল। খ্রাফেনবের্খের পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে, জায়গা বানিয়ে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন এই উইঙ্গার।

এই মাসের আগে কখনও জাতীয় দলে খেলার সুযোগ পাননি সামারভিল, সরাসরি ডাক পান বিশ্বকাপ দলে। দুটি প্রস্তুতি ম্যাচে খেলার পর, বিশ্বকাপ অভিষেকে আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোলের স্বাদ পেলেন তিনি।

তার ওই গোলে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল নেদারল্যান্ডস। কিন্তু নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে দৃশ্যপট বদলে দেন কামাদা।

গোলটির মূল কৃতিত্ব যদিও কোকির। কর্নারে সবার ওপরে লাফিয়ে হেড করেন কিছুক্ষণ আগে বদলি নামা এই ফরোয়ার্ড, বল সামনে কামাদার মাথায় লেগে একটু দিক পাল্টে ঠিকানা খুঁজে পায়।

উল্লাসে ফেটে পড়ে জাপান, জোর সম্ভাবনা জাগিয়েও জিততে না পারার হতাশায় নুইয়ে পড়ে নেদারল্যান্ডস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।