• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভয়ভীতিহীন নিরাপদ শৈশব নিশ্চিতের দাবিতে সাজেকে শিশু-কিশোরদের র‌্যালি লক্ষীছড়ির হুদুকছড়িতে এক গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি পিসিপির ২২তম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে ৬ বিষয়ে রেজ্যুলেশন, ১০ নতুন দাবি ও ৩ দফা কর্মসূচি ঘোষণা গুইমারায় ইউডব্লিউডিএফ-এর ২য় কাউন্সিল উপলক্ষে পোস্টারিং বিশ্ব শিশু দিবসে কাউখালীতে শিশু র‌্যালি : নিরাপদ ও উদ্বেগহীন শৈশব নিশ্চিত করার দাবি বিশ্ব শিশু দিবসে ‘নিরাপদ ও শঙ্কামুক্ত শৈশব নিশ্চিতের’ দাবিতে রামগড়ে শিশু র‌্যালি সাজেকে জেএসএস সশস্ত্র সদস্যদের কম্বল দিল সেনাবাহিনী বাংলাদেশ আদিবাসী ফোরামের সন্তু লারমাকে সভাপতি পদ থেকে অপসারণ ও ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে বর্জনের আহ্বান ঘূর্ণিঝড় ‘আকভান’র গতিবেগ কত, বাংলাদেশ থেকে কতদূরে, জানাল অধিদপ্তর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অতি ভারী বৃষ্টির শঙ্কা

বিশ্ব শিশু দিবসে কাউখালীতে শিশু র‌্যালি : নিরাপদ ও উদ্বেগহীন শৈশব নিশ্চিত করার দাবি

ডেস্ক রিপোর্ট / ৭০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

১১২

​“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” (Let every child have a secure future)—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বিশ্ব শিশু দিবসে’ নিরাপদ ও উদ্বেগহীন শৈশব নিশ্চিত করার দাবিতে রাঙামাটির কাউখালীতে শিশু র‌্যালি করেছে অগ্রসর শিশু-কিশোর কেন্দ্র (এসিসি)।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় “স্কুল ভবন ক্যাম্প বানিয়ে সেনা অভিযান, নির্বিচারে ধরপাকড় ও দমন-পীড়ন চলবে না” এই শ্লোগানে কাউখালী উপজেলার কচুখালী পাঁচতালা নামক এলাকা থেকে শিশু র‌্যালি শুরু করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর ঘুরে মালগুদাম মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় তারা শিশু হত্যা, শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। র‌্যালিতে এলাকার শিশু ও কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা “স্কুল ভবনকে ক্যাম্প বানানো যাবে না, পাহাড়ে জোরজবরদস্তি, অন্যায় খবরদারি বন্ধ কর, সেনা টহল দিয়ে ভয় দেখানো যাবে না, খেলার মাঠ চাই, স্কুলে যাবার নিরাপত্তা চাই, শিশুদের ওপর রুঢ় আচরণ নয়, আমাদের বাপ-ভাইদের হুমকি দেয়া যাবে না, যত্রতত্র গুলি ছুঁড়ে ত্রাস সৃষ্টি কর না”.. ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

র‌্যালির পরবর্তী অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে রিপা চাকমার সঞ্চালনায় ও দীপা চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন উম্রাসাং মারমা।

বক্তারা বলেন, শিশু দিবস মূলত শিশুদের স্বাস্থ্য, নিরাপত্তা, পুষ্টি, শিক্ষা, অধিকার,  সহিংসতা থেকে সুরক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে পালন করা হয়।

তারা বলেন, সারা বিশ্বে যেভাবে শিশুদের নিরাপত্তার দিকটি দেখা হয় পার্বত্য চট্টগ্রামের বেলায় তার ভিন্নতা দেখা যায়। পার্বত্য চট্টগ্রামের শিশুদের নিরাপদ জীবন গঠনের জন্য নেই কোনো হাসপাতাল, নেই উন্নতমানের শিক্ষা ব্যবস্থা। এখানকার শিশুরা দেশ-বিদেশের অন্যান্য শিশুদের তুলনায় অবহেলিত। এখানে ডজনের অধিক গণহত্যা হয়েছে। শত শত শিশু হত্যার শিকার হওয়ার পরও কোনো সুবিচার পাওয়া যায়নি। আমরা ২০১৮ সালে খাগড়াছড়ির দীঘিনালায় কৃত্তিকা ত্রিপুরারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা, ২০২৪ সালে বান্দরবানে ৫ম শ্রেণির ছাত্র ভানথাং পুই বমকে সেনাবাহিনী দ্বারা হত্যার কথা ভুলিনি। সমতলে শিশু রামিসা ধর্ষণ-হত্যার বিচার করা হলেও পাহাড়ে শিশু হত্যার বিচার আজও পাওয়া যায়নি।

তারা সম্প্রতি গত ২৯ সেপ্টেম্বর রাঙামাটির সাজেকে সেনা মদদে সন্তু লারমার জেএসএসের সশস্ত্র সদস্যদের গুলিতে ৮ বছর বয়সী শিশু কস্মিতা ত্রিপুরা আহত হওয়ার ঘটনা তুলে ধরেন এবং সে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশ থেকে বক্তারা শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন এবং পার্বত্য চট্টগ্রামে অন্যায় ধরপাকড়, দমন-পীড়নসহ সকল প্রকার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার আহ্বান জানান এবং নিরাপদ ও উদ্বেগহীন শৈশব নিশ্চিত করার দাবি তুলে ধরেন।

উল্লেখ্য, বিশ্বজুড়ে শিশুর অধিকার সুরক্ষায় ১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার কনভেনশন বা সনদ (সিআরসি) গৃহীত হয়। সেই থেকে প্রতি বছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd