‘আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবসে’ খাগড়াছড়ির লক্ষীছড়িতে শিশু র্যালি করেছে অগ্রণী শিশু কিশোর কেন্দ্র (এসিসি) লক্ষীছড়ি উপজেলা শাখা।
আজ বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল ৯টায় ‘খুনী-ধর্ষক নরপশুদের ফাঁসি ও নারী শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার’ দাবিতে আয়োজিত র্যালিটি পাকা রাস্তামাথা এলাকা থেকে শুরু হয়ে বাদিপাড়ায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীদের পক্ষ থেকে কিশন চাকমা এবং অন্তরিকা চাকমা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন বৃদ্ধি পেয়েছে। ফলে নারী শিশুরা শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ নিজ বাড়িতেও আর নিরাপদ নয়। রাষ্ট্র নারী-শিশুদের নিরাপত্তা দিতে পারছে না।
তারা আরো বলেন, ধর্ষণ-খুনের মতো নৃশংস ঘটনা প্রতিনিয়ত ঘটলেও এসব ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। ফলে নারী শিশু ধর্ষণের ঘটনা ভয়াবহ আকার নিয়েছে। সম্প্রতি ঢাকায় ৭ বছরের শিশু রামিসা ধর্ষণ-হত্যা, বান্দরবানের থানচিতে ৫ বছরের ত্রিপুরা শিশু ধর্ষণসহ প্রতিদিন এ ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে।
বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে শিশু-নারীর ওপর ধর্ষণ, নির্যাতন বন্ধ করা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া ও নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
র্যালিতে অংশগ্রহণকারী শিশু, কিশোর-কিশোরীরা “আমরা ভয়-ভীতিহীন পরিবেশ চাই; স্কুলভবন সেনা ছাউনি বানানো চলবে না; উদ্যত রাইফেল-বেয়নেট সরিয়ে নাও, আমাদের খেলতে দাও; প্রলোভনে শিশুদের ধর্মান্তর বন্ধ করতে হবে; সেনা কর্তৃক দুর্বৃত্ত, ধর্ষক ও খুনীদের প্রশ্রয়দান বন্ধ কর; End the conflict, save the children; Stop the silence, speak up for the children”… ইত্যাদি দাবি সম্বলিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।


